দেশের অর্থনীতি, চিকিৎসা ও শিক্ষাখাত স্বাভাবিক: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের অর্থনীতি, চিকিৎসা ও শিক্ষাখাত স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (৪ জুন) সকালে মানিকগঞ্জ জেলার কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে কোভি-১৯ বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
জাহিদ মালেক বলেন, ‘করোনা নিয়ন্ত্রণের কারণে দেশের সবকিছু স্বাভাবিক রয়েছে। অর্থনীতি, চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষাখাত স্বাভাবিক রয়েছে। পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। আমরা আরও ভালো থাকতে চাই।’
তিনি বলেন, দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কোভিড টিকাদানে বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম।