‘বিএসএমএমইউতে চালু হবে শিশু এন্ড্রোক্রাইনোলজি বিভাগ’
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু এন্ড্রোক্রাইনোলজি বিভাগ চালু করা হবে বলে জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ সোমবার (৩০ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ শিশু হরমোন সোসাইটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাচ্চার জন্মের আগেই মাতৃগর্ভে ত্রুটি নির্ণয়ের যন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষণা ও সেরা আর্টিকেলের লেখককে ভিসি অ্যাওয়ার্ড দেয়া হবে। সময়ের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে আলাদা করে শিশু এন্ড্রোক্রাইনোলজি বিভাগ খোলা হবে। একই সঙ্গে শিশু এন্ড্রোক্রাইনোলজি বিভাগে এমডি কোর্সও চালু করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মঞ্জুর হোসেন। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের শিশু এন্ড্রোক্রাইনোলজি বিশেষজ্ঞগণ, শিশু চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।