বিসিপিএস’র সুবর্ণ জয়ন্তী ও ১৪তম সমাবর্তন ৫-৭ জুন
মেডিভয়েস রিপোর্ট: আগামী ৫-৭ জুন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) সুবর্ণ জয়ন্তী ও ১৪তম সমাবর্তন অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে।
রোববার (২৯ মে) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিসিপিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিসিপিএস’র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫ জুন বিসিপিএসে র্যালি, সাংবাদিক সম্মেলন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করার কথা রয়েছে। ৬ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ এবং কৃতি শিক্ষার্থীদের গোল্ড মেডেল প্রদান করবেন। ৭ জুন সমাবর্তন অনুষ্ঠিত হবে।