‘নার্সদের সেবার মানোন্নয়নে বিশ্বমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, নার্সদের সেবার মান আরও উন্নয়নের জন্য বিশ্বমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পদোন্নয়ন ও আবাসনসহ তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে বিশ্ব নার্স দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদেরকে মনে রাখতে হবে যে, নার্সরা শুধু দিনের বেলাতেই নয়; সারারাত জেগে রোগীর পাশে থেকে সেবা প্রদান করেন। পরিবারের সদস্যের মত আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকেন।’
তিনি বলেন, ‘পদোন্নতি না হলে কর্মজীবীরা হতাশ হয়ে পড়েন। আমি দায়িত্ব নেবার পর ১৮১ জন নার্সকে উচ্চতর গ্রেড প্রদান, পদোন্নয়ন দিয়েছি। পাশাপাশি ৭০০জন নার্স নতুন নার্স নিয়োগ দিয়েছি।’
হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সন্ধ্যা রানী সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, নার্সিং ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান, উপ-সেবাতত্ত্বাবধায়ক খালেদা আক্তার, উপ-সেবাতত্ত্বাবধায়ক শান্তি হালদার প্রমুখ।