কোর্স ছেড়ে দিলে বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক ফেরত দেওয়ার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যে সকল বেসরকারি রেসিডেন্টরা কোর্স ছেড়ে দিয়েছে তাদের পারিতোষিক ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) অধ্যাপক ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইনস্টিটিউটসমূহে রেসিডেন্সি, নন-রেসিডেন্সি (এমডি/এমএস,ডিপ্লোমা/এমপিএইচ/এমফিল/এমমেড) কোর্সে অধ্যয়নরত যে সকল বেসরকারি শিক্ষার্থী কোর্স থেকে নাম প্রত্যাহার করবেন সে সকল বেসরকারি শিক্ষার্থীগণ ৬৬তম একাডেমিক কাউন্সিল এবং ৩১-০১-২০২২ তারিখে অনুষ্ঠিত ৮৫তম সিন্ডিকেট সভার সিন্ধান্ত মোতাবেক গৃহীত পারিতোষিক বিশ্ববিদ্যালয়ের বর্ণিত হিসাব নম্বর এসএনডি-১১৯৮ পূবালী ব্যাংক লিঃ, শাহবাগ শাখা, ঢাকায় জমা প্রদান করতে হবে।’
এতে আরও বলা হয়, ‘এই আদেশ ৩১-০১-২০২২ তারিখ থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইহা বলবৎ থাকবে।’
এ ব্যাপারে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মেডিভয়েসকে বলেন, একজন রেসিডেন্ট শিক্ষার্থীকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের অনেক টাকা ব্যয় হয়। এভাবে হঠাৎ চলে যাওয়া বিশ্ববিদ্যালয় ক্ষতির সম্মুখীন হয়। তাই তাদের থেকে টাকা ফেরত নয় আরও জরিমানা করা হবে।
কোন সেশন থেকে কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সেশন থেকে কোর্স ছেড়ে দিবে সে সেশন থেকে কার্যকর হবে।
কোর্স চলাকালীন হাসপাতালে দায়িত্ব পালন করেছে তার মূল্যায়ন কিভাবে হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রেসিডেন্ট শিক্ষার্থীরা কোর্স চলাকালীন দায়িত্ব পালন করবে এরকম লিখিত স্বাক্ষর দিয়েই তারা ভর্তি হয়েছে। দায়িত্ব পালন করেছে বলে তাদের টাকা দেওয়া হয়েছে তা নয়।
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউ’র সকল অনুষদের ডিন, সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ/পরিচলাক, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়, প্রো- ভাইস চ্যান্সলরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।