স্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক হলেন দুই চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত দুই চিকিৎসককে প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. মিজানুর রহমান ও ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। তাঁদেরকে যথাক্রমে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ১৫০ শয্যা বিশিষ্ট কার্ডিও ভাসকুলার ইউনিট স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), অধিদপ্তরের এমআইএস পরিচালক ও স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।