‘স্লিপ অ্যাপনিয়া’ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: ‘স্লিপ অ্যাপনিয়া’ রোগ সম্পর্কে মানুষ জানে না। এজন্য তাদের এ রোগ সম্পর্কে সচেতন করতে হবে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ রোববার (১০ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের মিলনায়তনে অনুষ্ঠিত ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ বিষয়ক শীর্ষক সেন্ট্রাল সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, যাদের নাক ডাকার সমস্যা, যাদের ঠিক মতো ঘুম হয় না, যারা শরীর স্থূলাকার, তারা এ ধরণের রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ রোগের চিকিৎসা রয়েছে। ক্ষেত্র বিশেষে কোনো কোনো রোগীর সার্জারির প্রয়োজন হয়। স্লিপ এপনিয়া রোগ সম্পর্কে মানুষ জানে না। তাদের এ রোগ সম্পর্কে সচেতন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা হয়। এ ধরণের লক্ষণ দেখা দিলেই এই মেডিকেলে এসে চিকিৎসা নেবার পরামর্শ দেনে এই গুণী চিকিৎসক।
এ ছাড়াও সেমিনারে স্পিকার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, স্লিপ অ্যাপনিয়া সারাবিশ্বের একটি অবহেলিত ঘাতক ব্যাধি। তবে এখনো স্লিপ অ্যাপনিয়ায় শতকরা ৯০% রোগী চিকিৎসার আওতার বাইরে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এখন রোগের চিকিৎসা রয়েছে। আমাদের দেশে এই রোগ সম্পর্কে চিকিৎসক ও রোগীদের মধ্যে আরও সচেতনতার প্রয়োজন রয়েছে। আমাদের এখানে দুটি স্লিপ ল্যাব রয়েছে। গত পাঁচ বছর এখান থেকে আমরা স্লিপ অ্যাপনিয়া রোগীদের চিকিৎসা দিয়ে আসছি।
চিকিৎসকদের উদ্দেশ্য তিনি বলেন, স্লিপ অ্যাপনিয়ার সচেতনতার লক্ষে প্রত্যেক চিকিৎসককে সচেতন হতে হবে। সচেতনতার জন্য প্রত্যেক চিকিৎসকের উচিত রোগীর হিস্ট্রির নিতে হবে। কম করে হলেও মাত্র ত্রিশ সেকেন্ড সময় বেশী ব্যয় করে চিকিৎসকদের উচিত রোগীর ঘুমের হিস্ট্রি নেয়া। এ রোগের ফলে মানুষের রেসপিরটারি, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক ফেলিউরের মতো জটিল রোগ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
সেমিনারে আরও বলা হয়, ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় ‘স্লিপ অ্যাপনিয়া’। চিকিৎসকেরা মনে করেন এ রোগ মানুষের জন্য একটি নীরব ঘাতক। এই রোগে ঘুমের মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেমিনারে ওঠে আসে যুক্তরাষ্ট্রে শতকরা দুই ভাগ মহিলা থেকে চার ভাগ পুরুষ এ রোগে আক্রান্ত। বাংলাদেশে শহরে জনসংখ্যার শতকরা পুরুষ ৪.৪৯ ভাগ ও মহিলা ২.১৪ ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ রোগে আক্রান্ত।
সেমিনারে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সেন্ট্রাল সেমিনার সাব কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন সিদ্দিকী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদ হোসেন। সেমিনারে স্পিকার হিসেবে আরও বক্তব্য রাখেন নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। সেমিনারে বিভিন্ন বিভাগের অধ্যাপক ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন।