বিএসএমএমইউর নতুন রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. স্বপন কুমার তপাদার। গত ৩১ মার্চ বিকালে তাঁকে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
গত পাঁচ বছর ধরে একই বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার-২ হিসেবে দায়িত্ব পালন করা এ চিকিৎসক স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নানের।
বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউর এই নতুন রেজিস্ট্রার আজ রোববার (৩ এপ্রিল) মেডিভয়েসকে বলেন, ‘কর্তৃপক্ষ মনে করেছে, তাই এ পদে তাঁরা আমাকে দায়িত্ব দিয়েছেন। অতীতেও কাজ করেছি, নতুন দায়িত্ব হওয়ায় সামনের কাজগুলো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবো। আমার লক্ষ্য হবে, আমার কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যেন আরও উজ্জ্বল হয়।’
তিনি বরিশালের গৌরনদী থেকে ১৯৭২ সালে এসএসসি এবং ১৯৭৪ সালে গৌরনদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে ১৯৮২ সালের মে মাসে এমবিবিএস সম্পন্ন করেন।