ডা. রাফের লেখা গান ‘আরোগ্য শিল্পী’র মুক্তি
মেডিভয়েস রিপোর্ট: ডা মুহিব্বুর রহমান রাফের লেখা গান ‘আরোগ্য শিল্পী’ মুক্তি পেয়েছে। গানটিতে সুর করেছেন সঙ্গীতশিল্পী সাব্বির জামান। গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু হানিফ নোমান।
আজ বুধবার (৩০ মার্চ) ন্যাশনাল ডক্টর’স ডে উপলক্ষে মেডিটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়েছে।
গানটির বিভিন্ন দৃশ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদ, একুশে পদকপ্রপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. সায়েবা আক্তার, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও রিউমাটোলজিস্ট অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, ডা. সাকলায়েন রাসেল, ডা. সাঈদুল আশরাফ কুশল ও ডা. সুষমা রেজা প্রমুখ।
গানটির গীতিকার ডা. মুহিব্বুর রহমান রাফে বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্ন সময়ে মনের ভেতরে আসা কথাগুলো এই গানটিতে তুলে ধরার চেষ্টা করেছি। চিকিৎসক ও রোগী পরস্পরের প্রিয়জন। এই গানটি তাদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে যদি সামান্যতম ভূমিকা রাখতে পারে, তাহলে আমার চেষ্টা সার্থক হয়েছে বলে মনে করবো।’