৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ
মেডিভয়েস রিপোর্ট: টানা ৯৬ দিন পর করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৭ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০০ জন রোগী।
মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেনের সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত মিলিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২। এর মধ্যে মারা গেছেন মোট ২৯ হাজার ১১২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৯টি নমুনা। এ পর্যন্ত করোনা পরীক্ষা করোনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা বেড়ে হলো ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ১১২ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৮৮ জন (৬৩ দশমিক ৮৫ ভাগ) ও নারী ১০ হাজার ৫২৪ জন (৩৬ দশমিক ১৫ ভাগ)।