করোনায় আট জনের মৃত্যু, শনাক্তের হার ২.৬৩
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৮৫ জন। এ সময় ৫২৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জন।
আজ রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো আট জনের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারী।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৬টি পরীক্ষাগারে ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২০ হাজার ১৩২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা তিন হাজার ৩৪০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬৬ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৮৫ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৬৬ জন (৬৩ দশমিক ৮৩ ভাগ) ও নারী ১০ হাজার ৫১৯ জন (৩৬ দশমিক ১৭ ভাগ)।