যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে সর্বোচ্চ টিকা পেয়েছে বাংলাদেশ
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত অনুদান হিসেবে সর্বোচ্চ ৬ কোটি ১০ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা পেয়েছে বাংলাদেশ। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ‘কোভ্যাক্স’র আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি করোনার আরও ১ কোটি ডোজ টিকা অনুদান প্রদানের মাধ্যমে সারাদেশে টিকাদান সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ফাইজারের তৈরি টিকার সর্বশেষে অনুদানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যকার অংশীদারিত্ব ও বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশকে বেশি পরিমাণ করোনা টিকা প্রদানে যুক্তরাষ্ট্র জনগণের উদারতার বিষয়টি আলোচিত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে নিরাপদে দক্ষতার সঙ্গে মানুষের কাছে টিকা পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ও টিকা কার্যক্রমের দ্রুত সম্প্রসারণে সম্পৃক্ত সকল অংশীদারের কাজের প্রতিফলন ঘটেছে।
এ ছাড়া কোভিড-১৯ টিকা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ৯ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে। এছাড়া শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করছে।