২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৩৫ পিএম

সরকারি ছুটির দিনেও সারাদেশে চলবে টিকাদান

সরকারি ছুটির দিনেও সারাদেশে চলবে টিকাদান

মেডিভয়েস রিপোর্ট: টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় থাকায় শুক্রবার সরকারি ছুটির দিনেও সারাদেশে টিকাদান কার্যক্রম চালু রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভ্যাকসিনেশন সেন্টারসমূহে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পূরণে আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র/ বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

প্রসঙ্গত, চলমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণকল্পে মোট জনসংখ্যার ৭০% জনগোষ্ঠীকে ১ম ডোজের আওতায় আনতে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’ হাতে নিয়েছে সরকার। এ বিশেষ কার্যক্রমের মধ্যে দিয়ে সরকার দেশের সকলকে ১ম ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরবর্তীতে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে।

এ কার্যক্রমের আওতায় জনসাধারণের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত/ অনিবন্ধিত সকলেই ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গ্রামাঞ্চলে ন্যূনতম ১৬০০০টি ও শহরাঞ্চলে (পৌরসভা ও সিটি কর্পোরেশন) ৮৫০০টি অস্থায়ী টিকাকেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হবে। প্রায় ৭০ হাজারের মতো ভ্যাক্সিনেটর ও স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন এ কর্মসূচি সফল করার জন্য। এছাড়াও স্থানীয়ভাবে প্রয়োজন অনুযায়ী সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগসমূহে চাহিদা মোতাবেক বুথ, ভ্যাক্সিনেটরের ব্যবস্থা রাখা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক