দেশে রোগ প্রতিরোধ ও মৌলিক গবেষণার দ্বার উম্মোচন হবে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী দেশে রোগ প্রতিরোধ ও মৌলিক গবেষণার নবদিগন্তের দার উম্মোচন হবে বলে মন্তব্য করেছেন রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রয়ারি) বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে মৌলিক গবেষণা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষের জন্য কল্যাণকর জনস্বাস্থ্য বিষয়ক এমন গবেষণাকে অধিক গুরুত্ব দেওয়া হবে। বিএসএমএমইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবিসহ গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ফুড সেফটি, ড্রাগস সেফটির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। গবেষণা কার্যক্রমকে জোরদার করতে এ্যাডভাইজরি কমিটি গঠন, রিসার্চ স্ট্র্যটাজি জোরদার করা, রিসার্চ গ্রুপ তৈরি করা, ফান্ড ম্যানেজমেন্ট টিম গঠন করাসহ নানা উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউর ইমেরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘গবেষণা হতে হবে সত্যিকার অর্থে মানসম্মত। পেশেন্ট কেয়ার, টিচিং, রিসার্চ ভাগ করে কাজ করলে কাঙ্খিত ফল পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা শুধু টাকার জন্য রোগী দেখেন না। রোগীদের সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, সেটাও আমাদের স্মরণে রাখা উচিত।’
বিএসএমএমইউর সাবেক ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান বলেন, ‘একজন গবেষক আজীবন একটি নিদিষ্ট বিষয়ে গবেষণা করবেন, তাহলেই আন্তর্জাতিকমানের গবেষণা কর্ম নিশ্চিত করা যাবে। গবেষণার ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া একটি অন্তরায়, যার পরিবর্তন হওয়ার প্রয়োজন।’
সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।