করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস শুরুর পর এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ২৮ হাজার ৯৩১ জন প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যুর ৮৪ শতাংশেরও বেশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী এ চার বিভাগে।
দেশের আট বিভাগের মধ্যে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। করোনায় সবচেয়ে কম সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ১৪ জন। এ সময়ে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। পরে ভাইরাসটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা দেয়।