একদিনে শনাক্ত ১১ হাজার ছাড়াল, মৃত্যু ১২
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১৯২ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণহারানো ১২ জনের মধ্যে সাতজন পুরুষ এবং পাঁচজন নারী। তাদের মধ্যে আটজন সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৫৭টি পরীক্ষাগারে ৪০ হাজার ৪২৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪০ হাজার ১৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৭৫২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৪৫ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৯ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ১৯২ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ২৪ জন (৬৩ দশমিক ৯৩ ভাগ) ও নারী ১০ হাজার ১৬৮ জন (৩৬ দশমিক শূন্য সাত ভাগ)।