ছুরিকাঘাতে মেডিকেল টেকনোলজিস্ট নিহত, জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হবিগঞ্জ জেলা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ)।
রোববার (২ জানুয়ারি) সংগঠনটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আওলাদ হোসেন খান ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য প্রতিবাদ হিসেবে বিএমটিএর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হলো। সেই সাথে চারদিন পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত ২৮ ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হবিগঞ্জ জেলা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম।