স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ বছরও হচ্ছে না বই উৎসব: শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনার কারণে গত বছর বই উৎসব না হলেও বই বিতরণ হয়েছে। এ বছরও করোনায় স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনেই বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘প্রত্যেকটি বিদ্যালয়ে বছরের প্রথম দিন থেকে তারা তাদের সময় ঠিক করবে, কবে কোন ক্লাসের বই বিতরণ করা হবে।’
আজ শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কদমতলায় মন্ত্রীর নিজ বাসভবনে শীতার্তদের জন্য জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিতরণের জন্য প্রস্তুত বইগুলোতে ভুলত্রুটি সম্পর্কে জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি কোনো ভুল যেন না থাকে। এর পরও ছাপায় কোনো ত্রুটি থাকলে, সেগুলো আমরা সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করবো।’
করোনার আশঙ্কা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাশ্চাত্যের দেশগুলোতে করোনা শীতকালে বাড়লেও আমাদের দেশে প্রতিবছর মার্চ মাসেই প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। গত দু’বছর আমরা তা দেখেছি। সে জন্য মার্চ মাস পর্যন্ত আমরা দেখবো করোনা বাড়ে না কমে। এরপর আমরা ক্লাস বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিবো। এছাড়াও শিক্ষার্থীরা কতটুকু পিছিয়ে আছে এবং কোন কোন দিকগুলোতে ঘাটতি রয়েছে সেগুলোর তথ্য আমরা নিচ্ছি। এরপর আমরা নতুন বছরে এসব বিষয়ে প্রদক্ষেপ নিব।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান প্রমুখ।