নানা আয়োজনে স্বাচিপের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেডিভয়েস রিপোর্ট: নানা আয়োজনে পালিত হয়েছে চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম।
জানা গেছে, ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সম্মেলনে মাত্র কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে এডহক কমিটি গঠনের মাধ্যমে স্বাচিপ আত্মপ্রকাশ করে। স্বাচিপের প্রতিষ্ঠাকালে অধ্যাপক এম. এ. কাদেরী সভাপতি ও মোস্তফা জালাল মহিউদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন।
২০০৩ সালের কেন্দ্রীয় সম্মেলনে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক সভাপতি ও অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান মহাসচিব নির্বাচিত হন।
২০১৫ সালের ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বাচিপের চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা সম্মেলনে কমিটির ভার স্বাচিপের নেতৃবৃন্দের ওপর ছেড়ে দেন। পরবর্তীতে এম ইকবাল আর্সলান সভাপতি ও ডা. এম এ আজিজ মহাসচিব নির্বাচিত হন।