বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার চুক্তি
তরুণ চিকিৎসকদের যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের প্রতিষ্ঠানে প্রশিক্ষণের উদ্যোগ
মেডিভয়েস রিপোর্ট: তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণ ও বৃত্তি প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া।
আজ রোববার (১২ ডিসেম্বর) সকালে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার পরিচালক ডা. বি এম আতিকুজ্জামান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সংক্রান্ত এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গত পঁচিশ বছর ধরে বাংলাদেশে নিয়মিতভাবে আসি। আসি প্রাণের টানে, দায়বদ্ধতার জন্য। বাংলাদেশের চিকিৎসা বিতানের নানা প্রতিষ্ঠান এবং পেশাগত সংগঠনের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলেছি, গত পঁচিশ বছর ধরে।
পশ্চিমের প্রযুক্তি, জ্ঞান এবং গবেষণা স্থানান্তরিত করার জন্য প্রথম থেকেই কাজ করছি। গত দেড় বছরে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া গঠনের মাধ্যমে আমরা এ কাজগুলো আরও সংগঠিতভাবে করছি।’
প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার কাজের তথ্য তুলে ধরে বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও সিংগাপুরে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভুত দুই শতাধিক স্বনামধন্য চিকিৎসকদের আমরা একটি প্ল্যাটফর্মে এনে নির্দিষ্ট কারিকুলামের মাধ্যমে প্রতি সপ্তাহে বাংলাদেশের তরুণ চিকিৎসকেদের প্রশিক্ষণ দিচ্ছি।’
এ ছাড়া তাঁরা আগামী বছর থেকে সম্ভাবনাময় তরুণ চিকিৎসকদের বৃত্তি প্রদান করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এরই অংশ হিসেবে বিএসএমএমইউ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ন্যাশনাল ইনস্টিটিউটসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলেও জানান ডা. বি এম আতিকুজ্জামান।