২৪ নভেম্বর, ২০২১ ০৩:৩৬ পিএম

দেশের ৪০ ভাগ মানুষ টিকার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৪০ ভাগ মানুষ টিকার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী
মোট জনগোষ্ঠীর ২৫ ভাগ মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের ৪০ ভাগ মানুষ ভ্যাকসিনেশনের আওতায় এসেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া মোট জনগোষ্ঠীর ২৫ ভাগ মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছেন।

আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে মৃগীরোগ চিকিৎসার গাইড লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে শতকরা ২৫ ভাগ মানুষ করোনা টিকার দুই ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশের ৪০ ভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটা চলতে থাকবে। আগামীতে আরো ব্যাপক আকারের ভ্যাকসিন দেওয়া হবে।’

জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি ভালো হলেও এখনও মাস্ক খুলে ঘুরে বেড়ানোর সময় হয়নি। করোনা নিয়ে এখনও হুমকিতে আছি। তবে অন্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো আছে। এই ভালো অবস্থাটা ধরে রাখতে হবে। সকলকে মাস্ক পরতে হবে। নয়তো ১০ থেকে ১৫ দিনেই বদলে যেতে পারে পুরো চিত্র। তাই সাবধানে থাকতে হবে।’

মৃগী রোগীদের চিকিৎসায় সরকার ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নিউরো সমস্যায় যারা পড়েন তাদের জন্য নিউরোসায়েন্স ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। নাক, কান গলা ইনস্টিটিউট করা হয়েছে। আমরা মনে করি ইপিলিপসি রোগীদের জন্যও আধুনিক প্রতিষ্ঠান তৈরি করার জন্য কাজ করবো।’

সকলকে মৃগী রোগের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘মৃগী রোগ নিয়ে গ্রামে এক সময় অনেক ভুল ধারণা ছিল। বলতো ভূতে ধরেছে, কিন্তু এটা ভুল ধারণা। গর্ভবতী মা আঘাতপ্রাপ্ত হলে বা ডেলিভারির সময় মায়ের অক্সিজেন স্বল্পতা দেখা দিলে বাচ্চাদের এই সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক