সাত কলেজে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর সশরীর ক্লাস আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে৷ আজ রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, ‘আগামী ২১ অক্টোবর থেকে সাত কলেজে সশরীরে ক্লাস শুরু হচ্ছে৷ সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আমার আলোচনা হয়েছে৷ আমরা ক্লাস শুরু করতে প্রস্তুত৷। সশরীরে ক্লাস শুরু করতে ইতিমধ্যে ঢাকা কলেজ বিজ্ঞপ্তি প্রকাশ করছে৷ শীঘ্রই অন্য কলেজগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করবে৷ তবে স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণী ছাড়া অন্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকায় আপাতত এই দুই বর্ষের শিক্ষার্থীদের সশরীর ক্লাস শুরু হবে৷’
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সের (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জান সাত কলেজের ক্লাস শুরুর বিষয়ে সার্বিক খোজ-খবর রাখছেন বলেও জানান তিনি৷
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান৷ দীর্ঘ দেড় বছরের বেশী সময় পর ঢাবি অধিভুক্ত সাত কলেজে সশরীর ক্লাস শুরু হতে যাচ্ছে৷ তবে করোনা সংক্রমন পরিস্থিতি কম থাকায় বিশেষ বিবেচনায় বিভিন্ন সময়ে এসব কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা চলমান ছিল৷