২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজেনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এ সময় সারাদেশে আরও ১৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ সোমবার (৪ অক্টোবর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৬২ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।
বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪৩ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৭৯ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছরে এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে এ বছরে ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৮ হাজার ৯৩৬ জন। তবে এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৯৪৩ জন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬