আজ ঘোষণা শুরু: প্রথম দিন চিকিৎসায় নোবেলজয়ীর নাম
মেডিভয়েস ডেস্ক: আজ সোমবার (৪ অক্টোবর) শুরু হচ্ছে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। পরের সোমবার (১১ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নামের মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা।
এবার শান্তিতে সম্ভাব্য নোবেল বিজয়ী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নাম শোনা যাচ্ছে।
নোবেল আয়োজন নিয়ে শনিবার (২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির লাগাম টানতে সম্মুখসারির বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডব্লিউএইচও এবার শান্তিতে নোবেল পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত করোনা নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে পরিচালিত টিকাদান প্রকল্প কোভ্যাক্স সফলভাবে পরিচালনা করায় সংস্থাটির নোবেল জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। জাতিসংঘের এ সংস্থা ১৯৪৮ সালে যাত্রা করলেও এখনো নোবেল পুরস্কার জেতেনি।
আগামী শুক্রবার চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। গত বছর শান্তিতে নোবেল জিতেছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ২০১৯ সালে বিশ্বের ৮৮টি দেশের প্রায় ১০০ মিলিয়ন মানুষের মুখে খাবার জোগানোয় নোবেল পুরস্কার পায় সংস্থাটি।
তবে ডব্লিউএইচওর নোবেল জয়ের সম্ভাবনা নিয়ে সমালোচনা রয়েছে বলে জানিয়েছে সিএনএন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড্যান স্মিথ সিএনএনকে বলেন, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটিকে চীনঘেঁষা মন্তব্য করে এতে অর্থ জোগান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তাই ডব্লিউএইচও শান্তিতে নোবেল পেলে অনেকেই অবাক হবেন।’
এ ছাড়া শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের নামও। গুঞ্জন রয়েছে রাশিয়ার বিরোধীনেতা অ্যালেক্সি নাভালনি ও সুইডেনের তরুণ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়েও।
এবার শান্তিতে নোবেল জয়ের জন্য ৩২৯টি মনোনয়ন দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এর মধ্যে ২৩৪ ব্যক্তি ও ৯৫ প্রতিষ্ঠানের নাম রয়েছে। তবে কমিটির নিয়ম মেনে এসব নাম গোপন রাখা হয়েছে।
আগামী ডিসেম্বরে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ। তবে করোনা মহামারির কারণে এবার বিজয়ীরা নিজ নিজ দেশে বসেই পুরস্কার গ্রহণ করবেন।
সুইডেনের ব্যবসায়ী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এ ছয় শাখায় নোবেল দেওয়া হয়।
-
০৩ অক্টোবর, ২০২৩
-
০২ অক্টোবর, ২০২৩
-
০৫ অক্টোবর, ২০২২
-
০৩ অক্টোবর, ২০২২
-
১১ অক্টোবর, ২০২১
-
০৬ অক্টোবর, ২০২১
-
০৫ অক্টোবর, ২০২১
-
০৪ অক্টোবর, ২০২১
-
০৩ অক্টোবর, ২০২১
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী