বিএসএমএমইউতে অপরিণত নবজাতকদের জন্য রেটিনোপ্যাথি অব প্রিমেচিউরিটি ক্লিনিক চালু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অপরিণত নবজাতকদের চোখের চিকিৎসার জন্য রেটিনোপ্যাথি অব প্রিমেচিউরিটি (আরওপি) ক্লিনিক চালু করা হয়েছে। প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার এই ক্লিনিকে অপরিণত নবজাতকদের সেবা প্রদান করা হবে।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের তৃতীয় তলায় ক্লিনিকটির উদ্বোধন করেন বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রেটিনোপ্যাথি অব প্রিমেচিউরিটি (আরওপি) ক্লিনিক চালু হওয়ায় অনেক নবজাতক পৃথিবীর আলো দেখতে পাবে। অন্ধত্ব প্রতিরোধ ও অন্ধত্ব নিবারণ ও দূরীকরণে আরওপি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে সকল নবজাতক অপরিণত বয়সে স্বল্প ওজন নিয়ে জন্ম নেয় তাদের অনেকের চোখে বিভিন্ন ধরণের সমস্যা থাকে। সময় মতো চিকিৎসা না হলে কোনো কোনো নবজাতক অন্ধ হয়ে যায়। কিন্তু চিকিৎসার মাধ্যমে তাদেরকে অন্ধত্বের অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব।’
এ সময় একান্ত প্রয়োজন না হলে ৩২ সপ্তাহের আগে গর্ভবতী মায়েদের সিজারিয়ান সেকশন (সিজার) না করাই উত্তম বলে জানিয়েছেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।
চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাফর খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হাসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নবজাতক বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, বিএসএমএমইউর পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুল ইসলাম, চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।