ঢামেক সাবেক অধ্যক্ষের সফল অস্ত্রোপচার, সবার দোয়া চাইলেন
মেডিভয়েস রিপোর্ট: একটি সফল অস্ত্রোপচারের পর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মেডিভয়েসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গত সপ্তাহে আমার একটি অপারেশন হয়েছে, এখন আমি ভালো আছি। সবার কাছে দোয়া চাই।’
জানা গেছে, বেশ কয়েকদিন কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম। পরে গত সপ্তাহে রাজধানীর পপুলার হাসপাতালে তাঁর বাম মূত্রনালির পাথরের অপারেশন করা হয়। এখন তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।
অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ দেশের একজন প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ। তিনি ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে (কে-৩৫) এমবিবিএস পাস করেন। ১৯৮৩ সালের ২৭ নভেম্বর ইন সার্ভিস ট্রেইনি হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি ১৯৯১ সালে মেডিসিন বিষয়ে এফসিপিএস ও ১৯৯৯ সালে এমডি ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বর্তমানে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের (বিসিপিএস) কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।