২১ অগাস্ট, ২০২১ ০৩:১৮ পিএম

কোভিডে কর্মরতদের প্রণোদনা বিষয়ে যা বললেন বিএসএমএমইউ পরিচালক

কোভিডে কর্মরতদের প্রণোদনা বিষয়ে যা বললেন বিএসএমএমইউ পরিচালক
ব্রি. জে. ডা. মো. নজরুল ইসলাম খান। ছবি: মজিবুর রহমান

মেডিভয়েস রিপোর্ট: স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় প্রণোদনা প্রদানের প্রক্রিয়ায় অস্পষ্টতা থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড হাসপাতালে কর্মরতদের প্রণোদনা পেতে বিলম্ব হচ্ছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপের পর এ বিষয়ে আশ্বাস পেয়েছেন জানিয়ে তিনি বলেন, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা তৈরি হচ্ছে। নিশ্চিতভাবেই তাঁরা এ প্রণোদনা পাবেন।

সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক পত্রিকা মেডিভয়েসের সঙ্গে একান্ত আলাপকালে এ কথা জানান তিনি।

বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত অনেকেই এরই মধ্যে প্রণোদনা পেয়েছেন। এখানে আমার কর্মকাল তিন মাস শেষ করলাম। আজ পর্যন্ত কোনো সদস্য প্রণোদনা পাননি। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের সঙ্গে কথা বলেছি। সিনিয়র স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার সঙ্গেও কথা বলেছি। তাঁরা দ্রুততম সময়ে এটা হওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন।’

এর পরিপ্রেক্ষিতে প্রণোদনা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে ডা. নজরুল ইসলাম খান বলেন, ‘করোনার বিরুদ্ধে যারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন, তারা সরকার ঘোষিত প্রণোদনা পেয়ে যাবেন। হয় তো একটু সময় লাগবে। কিন্তু নিশ্চিতভাবেই পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এ আশ্বাস পেয়েছি। এর আলোকে সংশ্লিষ্ট চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নাম সংগ্রহ করছি। এখানে কর্মরতদের তালিকা প্রেরণ করবো। এজন্য কত টাকা প্রয়োজন, তার হিসাব আমাদের (বিএসএমএমইউ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তালিকা ডিজি হেলথে পাঠাবো। তারা আশ্বস্ত করেছেন, সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।’

বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘কেবিন ব্লক ও ফিল্ড হাসপাতালে কোভিড ডিউটিতে জড়িতরা সবাই এর আওতায় পড়বেন। চিকিৎসক, নার্স, ব্রাদার্স ও পরিচ্ছন্নতাসহ সকল পর্যায়ের কর্মীই এ সুবিধা পাবেন। সবাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। কারও অবদানই ছোট করে দেখার অবকাশ নাই এবং অস্বীকার করার উপায় নাই। আমি মনে করি, কোনো ক্ষেত্রে তাদের ঝুঁকিটা আরও বেশি।’

বিএসএমএমইউতে প্রণোদনার দীর্ঘসূত্রতার কারণে জানতে চাইলে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেহেতু এ ব্যাপারে সিদ্ধান্তের বিষয়ে হয় তো খানিকটা সমস্যা ছিল। আমার মনে হয়, এটা দ্রুতই কেটে যাবে। যেহেতু ডিজি হেলথ, সিনিয়র সচিব আমাদের আশ্বস্ত করেছেন। একটু সময় লাগলেও এটা পাওয়া সম্ভব হবে।’

তবে প্রণোদনা পাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিন-ক্ষণের আশ্বাস পাওয়া যায়নি বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান।

এ সময় কোভিড ফিল্ড হাসপাতালে স্বাস্থ্য সেবার চিত্র তুলে ধরে তিনি বলেন, ৪০ জন করে চিকিৎসকদের সমন্বয়ে তিনটি গ্রুপ করা হয়েছে। তারা বিভিন্ন শিফটে ডিউটি করছেন। এখানে বিভিন্ন বিভাগে কর্মরত মেডিকেল অফিসারগণ দায়িত্ব পালন করছেন। তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে আলাদা গাড়িতে করে আনা হয়। এর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসগণ নিয়মিত রাউন্ড দিচ্ছেন। এছাড়াও কারো প্রয়োজন হলে সিনিয়র চিকিৎসকদের কল করলে তারা উপস্থিত হয়ে যান। সে ক্ষেত্রে তারা রেফার্ড করলে রোগীদের কেবিন ব্লকে এনে চিকিৎসা প্রদান করা হয়।

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনের কথা উল্লেখ করে তিনি বলেন, কর্তব্যরত চিকিৎসকরা সাত দিন ডিউটি করার পর সাত দিন কোয়ারেন্টাইনে থাকেন। ডিউটির পর পরই তাদের নমুনা পরীক্ষা করানো হয়। নেগেটিভ এলেও তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কোয়ারেন্টাইন শেষে তিনি পরবর্তী গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যান। একইভাবে নার্স, ব্রাদার ও আয়ারা দায়িত্ব পালন করছেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংকটের কারণে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক