করোনায় স্থগিত সাত কলেজের পরীক্ষা সেপ্টেম্বরে
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতি বিবেচনায় স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।
তিনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং পুনরায় লকডাউন না হলে আগামী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে স্বশরীরে সাত কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক অবস্থায় স্থগিত হওয়া পরীক্ষাগুলা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে অন্যান্য শিক্ষাবর্ষের রুটিনও পর্যায়ক্রমে প্রকাশিত করা হবে।
বৈঠকে সাত কলেজের স্নাতক শ্রেণীর তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরকে পরবর্তী শিক্ষাবর্ষে শর্তসাপেক্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ। একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য খুব শিগগিরই সাত কলেজের ওয়েবসাইট এবং কলেজগুলোতে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।