ইউনিয়নে টিকা কেন্দ্রে থাকবে ৩টি করে বুথ
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইউনিয়ন পর্যায়ের টিকাদান কার্যক্রমে প্রতিটি টিকা কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (৩১ জুলাই) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আজকে সাত লাখ ৮০ হাজার ডোজ টিকা পেয়েছি। কিছুদিন আগে দুই লাখের বেশি পেয়েছি। সবমিলিয়ে ১০ লাখের বেশি পেয়েছি জাপান সরকারের কাছ থেকে। আগস্ট মাসে আরও ছয় লাখের বেশি টিকা আসবে। সব মিলিয়ে প্রায় ৩০ লাখের বেশি টিকা আমরা পাবো।’
তিনি আরও বলেন, ‘এই টিকার গুরুত্ব অনেক বেশি। কারণ, আমাদের দেশে ১৫-১৬ লাখ লোক অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। আমি মনে করি সেই অপেক্ষা দুর হলো। আমরা কাল-পরশু থেকেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যারা পায়নি তাদের দেওয়া শুরু করবো।’