৫ আগস্টের পর লকডাউন উঠিয়ে নেওয়া হবে, বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্ধৃতি দিয়ে দেশের অধিকাংশ সংবাদ মাধ্যমে বলা হয়েছিল আগামী ৫ আগস্টের পর লকডাউন থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরবর্তীতে এ বিষয়ে ব্যখ্যা দিয়ে জানানো হয় যে, এ ধরনের কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার (২৮ জুলাই ) মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃতি দিয়ে কিছু সংবাদ মাধ্যমে এ নিউজ করা হয়েছিল।
এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধি-নিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোডিড-১৯ প্রতিরোধক টিকাদান কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে চলমান লকডাউন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। অনেক শিল্পপতি অনুরোধ করেছিলেন লকডাউন শিথিলের জন্য। তাদের অনুরোধ রাখা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, ‘অন্যান্য দেশের মত আমাদের দেশেও সংক্রমণ কমবে বলে আশা করছি, আমাদের টিকা কার্যক্রম চলবে। আমরা দেখেছি, যেসব দেশে করোনা টিকা দেওয়া হয়েছিল সেসব দেশে করোনা সংক্রমণ কমে এসেছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক পরিধান করবো, টিকা দিবো এটাই মূল বিষয়।'
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র্যাবসহ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।