একদিনে ডেঙ্গু আক্রান্ত ১৫৩ জন
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৩ জন, তার মধ্যে ১৫০ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার ১৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। কোভিড পরিস্থিতির কঠিন সময়ে হাসপাতালগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।
এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছিল সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছিল। চলতি সপ্তাহ থেকে আবারো অভিযান শুরু করা হবে।
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ এ ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ একহাজার ৩৫৪ জন।