২৪ জুলাই, ২০২১ ০৭:৩০ পিএম

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে
ছবিঃ সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৬৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৯৭৮ জন। মৃত্যুর দিক দিয়ে ঢাকার পরেই রয়েছে খুলনা বিভাগ। এক দিনে এ বিভাগে মৃত্যুবরণ করেছেন ৪১ জন। 

আজ শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরে একদিনে সর্বোচ্চ ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। নারায়ণগঞ্জে মারা গেছেন ৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ফরিদপুর ও টাঙ্গাইলে ৪ জন এবং গাজীপুর, রাজবাড়ী ও শরীয়তপুরে ৩ জন করে করোনায় প্রাণ হারিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪২০ জনের। তার মধ্যে তিন হাজার ৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাত লাখ আট হাজার ২১৩ জনে। 

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১০৩ জন এবং নারী ৯২ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫৯ জন, বেসরকারি হাসপাতালে ৩১ জন এবং বাসায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৬৩৯টি পরীক্ষাগারে ২০ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২০ হাজার ৮২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা নয় হাজার ৭২৩। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট নয় লাখ ৮৮ হাজার ৩৩৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৫ ভাগ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১৯ হাজার ৪৬ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৪ জন (৬৮ দশমিক ৬৪ ভাগ) ও নারী পাঁচ হাজার ৯৭২ জন (৩১ দশমিক ৩৬ ভাগ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক