এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি ৭ জুন পর্যন্ত, চমেকের নতুন বিজ্ঞপ্তি
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি শুরু হবে কাল, চলবে আগামী সাত জুন পর্যন্ত।
বুধবার (১৯ মে) চমেকের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আকতার স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, চিকিৎসা শিক্ষা-১ শাখার স্মারক নং-৫৯,০০,০০০.১৪০১৮০১৭২১২৮০ তারিখ: ১৭ মে ২০২১ মোতাবেক চট্টগ্রাম মেডিকেল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে (৬৩তম ব্যাচ) প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের বর্ণিত রোল অনুযায়ী আগামী ২২ মে ২০২১ থেকে ৭ জুন পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
এছাড়া বিশেষ কারণে কোন শিক্ষার্থী নির্ধারিত তারিখে ভর্তি হতে ব্যর্থ হলে ৩০ মে থেকে ৭ জুন সকল সাড়ে আটটার মধ্যে উপস্থিত হয়ে অফিস চলাকালীন সময়ে ভর্তি হতে পারবেন।
এতে আরও বলা হয়েছে, ‘নীতিমালা অনুযায়ী নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির পূর্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃক মনোনীত সনদপত্র যাচাই কমিটি ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সদস্যদের মাধ্যমে সাময়িকভাবে ভর্তি করা হবে। প্রার্থীদের নির্ধারিত তারিখ অনুযায়ী সাড়ে আটটার মধ্যে উপস্থিত হয়ে কাগজপত্রাদির মূল কপি সাটিফিকেট যাচাই কমিটির বরাবর উপস্থাপন করবেন। মূল সার্টিফিকেট যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের পর ভর্তি ফি বাবদ ১১,০২০/-টাকা (এগার হাজার বিশ টাকা মাত্র) ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখায় জমা দিয়ে ভর্তি রেজিস্ট্রার খাতায় নাম অন্তর্ভুক্ত করবেন।
যাচাই বোর্ডে উপস্থাপিত মূল কাগজপত্র অত্র কার্যালয়ে জমা থাকবে। কেবলমাত্র মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি জমা দিয়ে আবেদনের মাধ্যমে মূল মুক্তিযোদ্ধা সনদ ফেরত নিতে পারবেন। পরবর্তীতে যদি কোন ছাত্র/ছাত্রীর দাখিলকৃত কাগজপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয়, তবে তার ভর্তি বাতিল হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।’
যেসব কাগজপত্র জমা দিতে হবে
১. এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও নিজ ফলাফলের অনলাইন রঙ্গিন কপি।
২. এসএসসি এবং এইচএসসি বা সমমান পৰীক্ষা একাডেমিক ট্রান্সসিস্ট/মার্কশিটের মূল কপি।
৩. এসএসসি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্রের মূল কপি।
৪. এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্র অথবা টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্রের মূল কপি।
৫. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র (জেলা কোটা দাবির ক্ষেত্রে)।
৬. চার কপি পাসপোর্ট সাইজের সদ্যতোলা (ল্যাব প্রিন্ট) রঙ্গিন ছবি।
৭. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদপত্র ও অ-উপজাতীয় প্রাণীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।
৮. মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বিধি-বিধান অনুসরণ করা হবে।
৯. মূল সনদপত্র সংরক্ষণের জন্য লিগেল সাইজের একটি শক্ত মোটা কাগজের খাম অবশ্যই জমা দিতে হবে।