সবাইকে সতর্ক থাকার আহ্বান
‘আমার নাম-ছবি ব্যবহার করে করোনার চিকিৎসাপত্র প্রচার করা হচ্ছে’
মেডিভয়েস রিপোর্ট: নিজের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত করোনাভাইরাসের চিকিৎসাপত্র নিয়ে চিকিৎসক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
তিনি বলেন, কোভিড-১৯ রোগীর চিকিৎসা নির্ধারিত হয় তার অবস্থার আলোকে আর গাইডলাইন ও ব্যক্তিগত দক্ষতা দ্বারা সংশ্লিষ্ট চিকিৎসক তা নির্ধারণ করেন। তাই চিকিৎসাপত্রে বিভ্রান্ত না হয়ে করোনা জাতীয় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ফ্রি টেলিমেডিসিন কেন্দ্রে যোগাযোগ কিংবা প্রয়োজনে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করার অনুরোধ করেন তিনি।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘সম্প্রতি আমি আমার চিকিৎসক সহকর্মী ও শিক্ষার্থীদের মাধ্যমে অবগত হয়েছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ও ছবি ব্যবহার করে কোভিড-১৯ চিকিৎসার একটি চিকিৎসাপত্র বেনামে প্রচার করা হচ্ছে। এভাবে গণমাধ্যমে সরাসরি ওষুধ সম্বলিত ব্যবস্থাপত্র প্রচার করা উচিত নয়, এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। আমাদের দেশের এই করোনা সংকটকালে চিকিৎসক এবং সাধারণ জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে কোনো কোভিড-১৯ রোগীকে (মৃদু, মাঝারি ও সংকটময়) চিকিৎসা পাবে তা নির্ধারিত হয় তার অবস্থা বুঝে এবং তা সংশ্লিষ্ট চিকিৎসকগণ গাইডলাইন ও ব্যক্তিগত দক্ষতা দ্বারা নির্ধারণ করেন। এমনকি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বা ভেন্টিলেশনে থাকা রোগীর চিকিৎসাও কিন্তু তার অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। তাই জনগণের প্রতি অনুরোধ আপনাদের করোনা সংক্রান্ত যেকোনো বিষয়ে জাতীয় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ফ্রি টেলিমেডিসিনের নম্বরগুলোতে (৩৩৩, ১৬২৬৩, ১০৬৫৫) যোগাযোগ করুন এবং প্রয়োজন হলে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।’