রোজায় চিকিৎসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসায়েল ও বিধি-বিধান
রোজার মূলনীতি হচ্ছে যে কোনো উপায়ে পানাহার থেকে বিরত থাকা এবং এমন কিছু থেকেও বিরত থাকা যা শরীরে পুষ্টির সঞ্চার ঘটায়। এবার এই মূলনীতির আলোকে আলোচনা করা যাক।
যেই সব জিনিসের কারণে শরীরে পুষ্টি আসে তা গ্রহণ করলে রোযা ভঙ্গ হয়ে যাবে। যেমন:
১. যে কোনো আইভি স্যালাইন যেখানে সল্ট কিংবা গ্লুকোজ থাকে কিংবা ভিটামিন মিনারেলস অথবা অন্যান্য পুষ্টি সমৃদ্ধ স্যালাইন পুশ করা হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। যেমন: নরমাল স্যালাইন, ডি এন এস ইত্যাদি।
২. রক্ত হচ্ছে পুষ্টির অন্যতম পরিপূরক তাই রক্ত গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে।
৩. কিডনি ডায়ালাইসিস করলে রোজা ভঙ্গ হবে।
৪. কোনো আইভি নিউট্রিশনার ইঞ্জেকশন দিলে রোজা ভঙ্গ হবে।
মোট কথা খাবার কিংবা পুষ্টি সমৃদ্ধ বস্তু যে কোনো উপায়ে শরীরে প্রবেশ করানো হলে রোজা ভঙ্গ হবে।
রোজা ভঙ্গ হবে না যেইসব কারণে:
চিকিৎসার উদ্দেশ্যে যদি শরীরে কোনো ইঞ্জেকশন দেওয়া হয় এবং তাতে পুষ্টি সমৃদ্ধ কিছু না থাকে তাহলে রোজা নষ্ট হবে না। যেমন:
১. ইনসুলিন দিলে রোজা নষ্ট হবেনা
২. যে কোনো ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন, ভ্যাক্সিন ইত্যাদি দিলে রোযা নষ্ট হবে না
৩. কাউকে নিজের শরীর থেকে রক্ত দিলে রোজা নষ্ট হবে না
৪. অন্যদিকে নাকের ড্রপ, কানের ড্রপ, চোখের ড্রপ ইত্যাদি দিলে রোযা নষ্ট হবে
৫. নাইট্রোগ্লিসারিন দিলে রোজা নষ্ট হবেনা
৬. এন্ডোস্কোপি, কোলনস্কপি, ইউরিনারি ক্যাথেটার ইত্যাদি সেট করলে রোযা নষ্ট হবে না। তবে লুব্রিকেন্ট জেল যদি ভিতরে থেকে যায় এক্ষেত্রে রোজা নষ্ট হবে। এক্ষেত্রে আধুনিক স্কলারদের মত অনুযায়ী রোজা নষ্ট হয়ে যায়।
৭. ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস, সাব-ডার্মাল ইমপ্ল্যান্ট করলে রোজা নষ্ট হবেনা
৮. অ্যাজমা রোগীদের জন্য পাফার ইনহেলার নিলে অর্থাৎ যেখানে লিকুইডকে গ্যাসে রুপান্তরিত করে
ইনহেলড করা হয় এইধরনের ইনহেলার এর কারণে রোজা নষ্ট হবেনা। এক্ষেত্রে কিছু কিছু স্কলার বলেছেন, ইনহেলার নিলে তা পাকস্থলিতে চলে যায় তাই রোজা নষ্ট হবে।
৯. পাউডার জাতীয় মেডিসিন ইনহেলড করা হলে রোযা নষ্ট হবে।
এসব ফিকহি বিষয়ে সম্মানিত স্কলারগণদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। এটিই স্বাভাবিক, চলমান এবং গবেষনার বিষয়। এক্ষেত্রে সঠিক পদ্ধতিতে মাসায়েল অনুসরণ করার জন্য বিজ্ঞ আলেম ও মুফতি সাহেবদের নিকট সরাসরি ফতোয়া সংগ্রহ করা সর্বোত্তম।
তথ্য সূত্র: ইসলাম কিউএ ফতোয়া, র্যামফিট ও অন্যান্য বিজ্ঞ স্কলারগণের ফতোয়া সংকলন।