লকডাউনে চলাচলে নিতে হবে ‘মুভমেন্ট পাস’
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত লকডাউনের মধ্যেও যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন তাদের জন্য ‘মুভমেন্ট পাস’র ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। এর মাধ্যমে যেকোনও ব্যক্তি নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারবেন।
সোমবার (১২ এপ্রিল) পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
‘মুভমেন্ট পাস’ এর মাধ্যমে সড়কে নির্বিঘ্নে চলাচলের সুবিধা থাকলেও সবাই এই পাস পাচ্ছেন না। শুধু জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেয়া হবে এ পাসকার্ড। তারা এই পাস ব্যবহার করে নিজেদের কাজে বেরোতে পারবেন।
পুলিশ সদরদফতর সূত্র জানায়, সদরদফতরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে ‘মুভমেন্ট পাস’ কার্যক্রম। জরুরি পণ্য পরিবহন, সেবাদাতা, ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেয়া হবে এই পাস।
করোনাভাইরাসের সংক্রমণরোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
পুলিশ সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসাকাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
‘মুভমেন্ট পাস’ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, movementpass.police.gov.bd এই লিংকে গিয়ে ওষুধ, চিকিৎসা, কৃষি পণ্য পরিবহন, চাকরিসহ ১৪টি ক্যাটাগরিতে এই পাস দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য প্রদানের পর শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেওয়া হবে। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে। একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুটি আলাদা পাসের আবেদন করতে হবে।
মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হলে মোবাইলের নাম, মোবাইল নম্বর, যাত্রা শুরুর স্থান, গন্তব্য, আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যাত্রার কারণ ইত্যাদি তথ্য পূরণ করার পর পুলিশ অনলাইনে একটি পাস ইস্যু করবে। অনলাইনে ইস্যু করা পাসটিতে যাতায়াতের যাবতীয় তথ্য থাকবে। একইসঙ্গে একটি কিউআর কোড স্ক্যানার থাকবে, যা স্ক্যান করে বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা সহজেই অনুমতিপ্রাপ্ত ব্যক্তির যাতায়াত নিশ্চিত করতে পারবেন।
পাসটি পেতে আবেদনের জন্য ক্লিক করুন https://movementpass.police.gov.bd/