আজ বিশ্ব ওরাল হেলথ দিবস
মেডিভয়েস রিপোর্ট: আজ (২০ মার্চ) ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে বা বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য—‘Be proud of your mouth’। এর মধ্য দিয়ে জনগণকে মুখের স্বাস্থ্য রক্ষায় আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
গবেষণা বলছে, মুখের সঠিক যত্ন মুখগহ্বরে সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি শারীরিক সুস্থতায়ও সহায়ক ভূমিকা পালন করে। তাই মুখের যত্নে আর অবহেলা নয়।
সাধারণ স্বাস্থ্যের মতই গুরুত্বপূর্ণ মুখগহ্বরের স্বাস্থ্য। মানব দেহে ক্যালরি নামে যে জ্বালানির প্রয়োজন হয়, তা খাবার থেকে হয়। আর মুখের মাধ্যমে সে খাবার দেহে প্রবেশ করে। ফলে মুখের স্বাস্থ্য ঠিক রাখার বিকল্প নেই।
সংশ্লিষ্টরা বলছেন, মুখগহ্বর, দাঁত, মাড়ি সুস্থ থাকলে ব্যক্তিত্বেরও বিকাশ ঘটে। মৌখিক স্বাস্থ্য খারাপ হলে তার থেকে শুধুমাত্র মুখগহ্বরের অসুখই হয় এমন নয়; হৃদযন্ত্রের অসুখ, ডায়াবেটিস মেলিটাস, স্ট্রোক, শ্বাস সংক্রান্ত সমস্যা, কখনও কখনও অন্তঃসত্ত্বা মহিলার নির্দিষ্ট সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে।
মুখের স্বাস্থ্য ভাল রাখার কিছু উপায়:
- প্রত্যেকদিন দুবার করে দাঁত মাজতে হবে।
- ছ’মাস অন্তর একজন দন্তরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং মৌখিক স্বাস্থ্যের পরীক্ষা করাতে হবে।
- তামাক সেবন এবং মদ্যপান বন্ধ করতে হবে।
- ফল, শাকসবজিসহ বিভিন্ন পুষ্টিকর খাবার খেতে হবে।
- কেক, কুকিজ, ক্যান্ডির মত মিষ্টি খাবার এড়িয়ে চলতে হবে।
বিভিন্ন ক্ষত
হরমোনের তারতম্য, অপুষ্টি, রক্তস্বল্পতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মানসিক চাপ, বিভিন্ন ক্রনিক রোগ এবং পান, জর্দা, গুল ও ধূমপানের কারণে মুখে অনেক ধরনের ক্ষত বা ঘা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দু-সপ্তাহের মধ্যে ক্ষতগুলো ভালো হয়ে যায়। তবে এর বেশি সময় স্থায়ী হলে অবহেলার সুযোগ নেই। কারণ, অবহেলিত ঘা ক্যানসারের মতো ভয়াবহ রোগের জন্ম নিতে পারে।
অতি সংবেদনশীলতা
জোরে জোরে বা দীর্ঘ সময় নিয়মবহির্ভূত দাঁত ব্রাশ, কয়লা বা ছাই ব্যবহার, দাঁতে দাঁত ঘষার অভ্যাস, দাঁতে সুতা কাটা, দাঁত দিয়ে কোমল পানীয়র বোতলের কর্ক বা ক্লিপ খোলা, অতিরিক্ত গ্যাস্ট্রিক-অ্যাসিডিটি থেকে দাঁতের স্তর ক্ষয় হয়ে দাঁত ঠাণ্ডা বা মিষ্টি খাবারে শিরশির করতে পারে।
কসমেটিক চিকিৎসা
চোয়াল ও দাঁতের সামঞ্জস্য না-থাকলে দাঁত উঁচু-নিচু, ফাঁকা হতে পারে। অন্যদিকে মুখের অভ্যন্তরীণ কোনো কারণ, বিশেষ কোনো খাবার বা শারীরিক কোনো রোগে দাঁত বিবর্ণ হতে পারে। এসব ক্ষেত্রে কসমেটিক ডেন্টাল চিকিৎসা এখন শতভাগ সফল। এ ছাড়াও দুর্ঘটনা, চোয়ালের হাড় ভাঙা, চোয়ালের জয়েন্টে সমস্যা, মুখ শুষ্কতা, স্নায়ু রোগসহ নানা কারণে রোগীকে কষ্ট পেতে হয়। এ থেকে রক্ষা পেতে সঠিক নিয়মে নিয়মিত দাঁতের সব পৃষ্ঠ পরিষ্কার রাখতে হবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে মিষ্টিজাতীয় খাদ্যের পরিবর্তে স্বাস্থ্যবান্ধব খাবারে অভ্যস্থ হতে হবে।