সংক্রমণের ঝুঁকি
চমেকে প্রফ পরীক্ষার্থী ছাড়া বাকিদের হোস্টেল ত্যাগের নির্দেশ
মেডিভেয়েস রিপোর্ট: এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক নোটিসে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশাগত পরীক্ষা নেওয়াসহ চট্টগ্রাম মেডিকেল কলেজে কার্যক্রম অব্যাহত রয়েছে। পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হোস্টেল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে পরীক্ষার্থী ছাড়াও অনেক শিক্ষার্থী হোস্টেলগুলোতে অবস্থান করছে।
এ অবস্থায় করোনার ঝুঁকি বৃদ্ধিসহ নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে এবং বর্ণিত সূত্র অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় কলেজ কর্তৃপক্ষ দুইটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, পরীক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের অনতিবিলম্বে হোস্টেল ত্যাগ করতে হবে। একইসঙ্গে পেশাগত পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হোস্টেল ত্যাগ করতে হবে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ শিক্ষার্থীদেরকে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল-শ্লোগান, র্যাগ ডে ও বর্ষ সমাপনীর মতো সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান পালন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।