অভিনব প্রতারণা
২৫,০০০ টাকা খোয়ালেন বিএসএমএমইউ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: অভিনব প্রতারণার শিকার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক সার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. মো. শাইখ মাহবুব সেতু ও তার পরিবার। এতে তাঁর পঁচিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ প্রতারকচক্র।
আজ বুধবার (১৭ মার্চ) রাতে ভুক্তভোগী ডা. মাহবুব সেতু মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ দুপুর একটার দিকে আমার মায়ের ফোনে একটা অজ্ঞাত নম্বর থেকে কল আসে। অজ্ঞাত কলদাতা নিজেকে রমনা থানার এস আই বলে পরিচয় দেয়। আমার মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের জন্য জামালপুরে তাঁর বিদ্যালয়ে অবস্থান করছিলেন। পেশাগত কারণে আমি অবস্থান করছি ঢাকায়। ঘটনার আগে গতকাল রাত আটটায় মায়ের সাথে আমার সর্বশেষ কথা হয়।
এস আই পরিচয় দেওয়া ওই ওসি আমার মাকে জানায়, ‘শাহবাগের বাসা থেকে আমাকে ও আমার বন্ধুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমার বন্ধুর কাছে অস্ত্র এবং মাদক পাওয়া গেছে। আমার বন্ধুর নামে কেইস ফাইল হয়ে গেছে, আমার নামে এখনো হয়নি। কেইস ফাইল হলে তা জামিন অযোগ্য। তিন চারমাসের আগে ছাড়া পাবে না, আরো বেশি সময় লাগতে পারে। সরকারি চাকরিজীবীর মান সম্মানের প্রশ্ন। কিছু টাকা দিলে ছেড়ে দিবে। নয়তো সাংবাদিক সামনে আছে ছবি তুলে নিউজ করে দিবে।’
তাঁর মা প্রতারণা আঁচ করতে পেরে কিছু ক্রস কোয়েশ্চেন করেন, যার সবগুলোর উত্তর সেই প্রতারক সঠিক দেয়। পরে তাঁর মা অজ্ঞাত ফোনকারীকে বলেন, তাঁর ছেলের সাথে কথা না বলে তিনি কোন কিছু করতে পারবেন না। তিনি তাঁর ছেলের সাথে কথা বলতে চান।
প্রতারক জানায়, ফোন তাদের হেফাজতে। তারপর হুবুহু ভুক্তভোগীর ডা. মাহবুব সেতুর কন্ঠ, উচ্চারণ, এক্সেন্ট ও শব্দচয়ন নকল করে কেউ একজন তার মায়ের সাথে কথা বলে।
তিনি আরও বলেন, কথোপকথনের সময় এস আই পরিচয় দেওয়া অজ্ঞাত কলকারী তার মাকে নগদ নম্বর দেয়। একই সঙ্গে কাউকে কিছু না জানিয়ে পঁচিশ হাজার টাকা পাঠাতে বলে।
পরে তাঁর মা সঙ্গে থাকা কিছু টাকা ও তার সহকর্মীদের কাছ থেকে বাকিটা নিয়ে কিছুক্ষণের মধ্যেই তার টাকা পাঠিয়ে দেন।
ডা. সেতু জানান, ‘আপাত দৃষ্টিতে বোকামি মনে হলেও তার মাকে ইমোশনালি ব্ল্যাক মেইল করা হয়েছে। নয় বছর হলো বাবা মারা গেছেন। ইমোশনের সব থেকে দুর্বল জায়গায় প্রতারক চক্র হাত দিয়েছে। কতটা ডিটেইল স্টাডি, নিখুঁত অভিনয় আর প্রযুক্তির সহায়তা নিয়ে এমন প্রতারণা করা সম্ভব।’
প্রতারকের নগদ নম্বরটি (01982546393) টাকা নেওয়ার সাথে সাথেই বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতারণাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
-
১৭ মার্চ, ২০২১
অভিনব প্রতারণা
২৫,০০০ টাকা খোয়ালেন বিএসএমএমইউ চিকিৎসক