৪৩তম বিসিএস: ফের আবেদনের সময় বাড়ছে
মেডিভয়েস রিপোর্ট: তৃতীয়বারের মতো বাড়ছে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা। একই সঙ্গে পিছিয়ে যাচ্ছে পূর্বঘোষিত ৬ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষাও। তবে আবেদনের সময় কতদিন বাড়ানো হবে তা জানা যায়নি। আবেদনের সময়সীমা ও প্রিলিমিনারি পরীক্ষার সময় ঠিক করতে শিগগিরই বৈঠকে বসবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে। কতদিন বাড়বে তা ঠিক করতে পূর্ণ কমিশনের সভা ডাকা হবে। কতদিন বাড়ালে সর্বোচ্চ সংখ্যক আবেদনকারীকে এ বিসিএসের আওতায় নিয়ে আসা যাবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পিএসসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩ লাখ ২০ হাজার আবেদন জমা পড়েছে। চলতি মাসের আরও ১৮ দিন বাকি আছে। এর মধ্যে আরও ৭০ থেকে ৮০ হাজার আবেদন আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বিশ্ববিদ্যালয়গুলো শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে ২৪ মে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে। সেজন্য প্রয়োজনে চলমান বিসিএস পরীক্ষার পেছানো হবে।
এর আগে সেশনজটে আটকা পড়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়াতে পিএসসিকে চিঠি দিয়েছিল। ইউজিসির অনুরোধের পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। একই সঙ্গে ৬ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।
কিন্তু এখন যেহেতু ২৪ মের আগে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা হচ্ছে না, তাই আবারও এই সময় বাড়ানোর বিষয়টি সামনে এসেছে।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ১৯ জন, স্বাস্থ্যে (সহকারী ডেন্টাল সার্জন) ৭৫ জন ও পরিবার পরিকল্পনায় ৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
-
২৬ নভেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫
-
১০ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫