সারাদেশে একযোগে টিকাদান শুরু ৭ ফেব্রুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: আগামী সাত ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে করোনা টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। এ লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনিই এ সময় দিয়েছেন। আর আগামীকাল কুর্মিটোলায় পাঁচ জনকে দিয়ে টিকা কার্যক্রমের শুরু হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও সেনা সদস্যদের মধ্যে যারা টিকা পাবেন তাঁদের পাঁচ জনের টিকা দেওয়া দেখবেন প্রধানমন্ত্রী। পরে মোট ২৫ জনকে টিকা দেওয়া হবে।’
ভ্যাকসিন গ্রহণে অনলাইন নিবন্ধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বুধবার বিকাল সাড়ে তিনটায় কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে। যারা নিবন্ধন করতে পারবেন না, তারা ভ্যাকসিন কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও নিবন্ধন করতে পারবেন। সেই ব্যবস্থা আমরা রেখেছি।’
বিভিন্ন মহলে টিকা নিয়ে অপপ্রচারের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন কোনো রাজনীতির বিষয় নয়, মানুষের জীবন বাঁচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে আসা। ভ্যাকসিন নিয়ে যারা বিরুপ প্রচার চালায় তারা কোনভাবেই দেশের মঙ্গল চায় না।
এ সময় ভ্যাকসিনের বিষয়ে জনগনকে বিভ্রান্ত না হয়ে ভ্যাকসির গ্রহণের আহ্বান জানান জাহিদ মালেক।