১১ জানুয়ারী, ২০২১ ০৬:০৪ পিএম

এপ্রোনে নিষেধাজ্ঞা: কুমিল্লায় নার্সদের মানববন্ধন, সিভিল সার্জনের অস্বীকার

এপ্রোনে নিষেধাজ্ঞা: কুমিল্লায় নার্সদের মানববন্ধন, সিভিল সার্জনের অস্বীকার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লায় নার্সদের ইউনিফর্ম নিশ্চিত ও কর্মস্থলে সাদা এপ্রোন পরিধান করা যাবে না এমন নির্দেশনা জারির প্রতিবাদে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন নার্সরা। তবে সিভিল সার্জন এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি সরকারের নির্দেশনা, এ বিষয়ে তাঁর পরিবর্তন বা পরিমার্জনের কোনো সুযোগ নেই। 

রোববার (১০ জানুয়ারি) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ‘নার্সবিদ্বেষী সিভিল সার্জন নিপাত যাক’, ‘আমাদের শরীর থেকে সুরক্ষা পোশাক খুলে নিতে দেব না’ ও ‘সাদা এপ্রোন নিয়ে হয়রানি চলবে না’ স্লোগানসহ নানা প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কুমিল্লা শাখার সহ-সভাপতি জাহানারা বেগম, আভা রানী মজুমদার, সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার, সাংগঠনিক সম্পাদক বুলবুলী আক্তারসহ অন্যান্য নার্স নেতৃবৃন্দ অংশ নিয়ে বলেন, কর্মস্থলে সাদা এপ্রোন পরিধান করা যাবে না সম্প্রতি এমন নির্দেশনা জারি করেছেন সিভিল সার্জন। তিনি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে নার্সদের এপ্রোন নিয়ে টানাটানি করছেন।

করোনায় সুরক্ষা হিসেবে সাদা এপ্রোন পরিধান করছেন নার্সরা। কিন্তু বর্তমান সিভিল সার্জন এ এপ্রোন পরিধান না করতে নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন নার্স নেতারা।

জানাতে চাইলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে মেডিভয়েসকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে ইউনিফর্মের বিষয়ে একটি নির্দেশনা ছিলো যা পালনের জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠিটা আমি তাদের পড়ে শুনিয়েছি এবং তাদের একজনকে ডেকে এ বিষয়ে বিস্তারিত বলেছি। তারা এটার ভুল ব্যাখ্যা করেছে যে আমি নির্দেশ দিয়েছি। এখানে ইউনিফর্মের বিষয়ে বলা হয়েছে, এপ্রোন পড়া না পড়ার বিষয়ে বলা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের বলেছি এ বিষয়ে আপনাদের কোন অভিযোগ থাকলে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও নার্সিং অধিদপ্তরে জানাবেন। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, আমার পক্ষে নিজস্ব নির্দেশনা দেওয়া এবং পরিবর্তন বা পরিমার্জনের কোনো সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এর অনুমোদন দিয়েছে। এখানে একজন সিভিল সার্জন হিসেবে আমরা কিছুই করার নেই।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক