ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয়ের মাস উপলক্ষে ত্রিশাল ডক্টর অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ময়মনসিংহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ত্রিশাল সরকারি নজরুল একাডেমির মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে ত্রিশালের স্বনামধন্য চিকিৎসকসহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সংগঠন সূত্রে জানা যায়, মহান বিজয়ের মাস উপলক্ষে বিজয়ের গৌরবগাঁথা আরও মহিমান্বিত করতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ডক্টর অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এর মাধ্যমে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ সরবরাহ ও মাস্ক বিতরণ এবং তাদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় বিনামূল্যে প্রায় ৬০০ জনকে মেডিসিন,সার্জারি, গাইনি, চর্ম-যৌন ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ দ্বারা পরামর্শ সেবা প্রদান করা হয়। ‘ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাব’ ও ‘হাত বাড়াও’ নামক স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বিনামূল্যে প্রায় ৩০০ জনের রক্তের গ্রুপিং করা হয়েছে। একইসঙ্গে করোনা মহামারী রোধে ৫০০ সার্জিকেল মাস্ক বিতরণ করা হয় এবং প্রায় ৩০হাজার টাকা মূল্যের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় সংগঠনটির সামগ্রিক তৎপরতায় সকলের সহযোগিতার মাধ্যমে তাঁদের পথচলা আরও সহজ ও সুন্দর হবে বলেও সংগঠনটির সদস্যরা আশা প্রকাশ করেন।
অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দল মতিন সরকার। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে পৌরসভা মেয়র এবিএম আনিছুজ্জামান, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিশনার আজাহারুল মন্ডল এবং আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান আনিছসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।