করোনায় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠান স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় আগামীকাল (বৃহস্পতিবার) তিন ডিসেম্বরের ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠান স্থগিত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
রোববার (২৯ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রতিবন্ধিতা অধিশাখার উপসচিব খাদিজা নাজনীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে আগামী তিন ডিসেম্বরের ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য আলোচনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচি বহাল থাকবে। এ অবস্থায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।