মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ২০২০ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ অবস্থায় মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই নীতিমালা মেডিকেল ও ডেন্টাল কলেজ এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২০ নামে অভিহিত হবে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত ও অনুমোদিত এই নীতিমালা বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে কার্যাকারী হবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নীতিমালা জারি হওয়ার তারিখ থেকে ‘মেডিকেল ও ডেন্টাল কলেজ এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা -২০১৯’ বাতিল বলে গণ্য হবে এবং এই নীতিমালার অনুচ্ছেদ ও উপ-অনুচ্ছেদ সাথে সামঞ্জস্যপূর্ন হওয়ার স্বাপেক্ষে পরবর্তী কার্যিক্রমে এই নীতিমালার অধীনে নিষ্পত্তি হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা করা নতুন নীতিমালার অনুলিপি সকল বিশ্ববিদ্যালয়ের উপচার্য, চিকিৎসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসি সভাপতি, সকল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।