১১ অক্টোবর, ২০২০ ০৬:৪৬ পিএম

চট্টগ্রামে প্রতাণার মামলায় সাহেদ চার দিনের রিমান্ডে

চট্টগ্রামে প্রতাণার মামলায় সাহেদ চার দিনের রিমান্ডে

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে দায়ের হওয়া অর্থ আত্মসাতের এক মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিম ওরেফে সাহেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

সূত্রে জানা যায়, চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের ঘটনায় ডবলমুরিং থানায় দায়ের মামলার প্রধান আসামী রিজেন্টের চেয়ারম্যান মো. সাহেদ। এ মামলায় প্রতারক সাহেদকে আদালতে হাজির করা হলে তাকে আটক দেখানো হয়। পরে মামলার অধিকতর তদন্তের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত সাহেদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ধীতিমান আইচ গণমাধ্যমকে বলেন, অর্থ আত্মসাতের মামলায় মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন। শুনানিতে সাহেদ বাদীপক্ষ তার কাছে ২০ লাখ টাকা পাবে স্বীকার করেছেন বলে দাবি করেন ধীতিমান আইচ। 

এসময় মামলার বাদি সাইফুদ্দিন বলেন, ‘সাহেদের এমন দৃষ্টান্তমূলক বিচার বিচার হতে হবে যেনো ভবিষ্যতে আর কেউ এভাবে প্রতারণার মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। আমার যা গেছে, গেছে কিন্তু আমি চাই করোনাকালে মানুষের জীবন মৃত্যু নিয়ে এই প্রতারক সাহেদ যে ভয়ঙ্কর খেলায় মেতেছিল তার যেন সুষ্ঠু বিচার হয়।’

এর আগে চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় হাজিরার জন্য দুপুর ১টার দিকে চট্টগ্রাম আদালতে তোলা হয় সাহেদকে। এরও আগে শনিবার বিকাল ৩টায় সাহেদকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

এরও আগে ঢাকায় রুট পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস্ থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রামের মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাত করেছেন সাহেদ। প্রতিষ্ঠানটির আমদানি করা থ্রি-হুইলার ঢাকা সিটিতে চলাচলের রুট পারমিটসহ চলাচলের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার অনুমতি নিয়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন মো. সাহেদ ওরফে সাহেদ করিম। এর জন্য সাহেদ মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে ২০১৭ সালের ২২ জানুয়ারি নিজ নামে খোলা প্রিমিয়ার ব্যাংকের ঢাকা অ্যাভিনিউ গেট শাখার অ্যাকাউন্টের মাধ্যমে নগদ ৩০ লাখ টাকা গ্রহণ করেন। একই বছরের ২৫ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার মাধ্যমে ৪ লাখ ৭৫ হাজার টাকা, ৩০ জানুয়ারি ৫ লাখ টাকা, ১ ফেব্রুয়ারি ৫ লাখ টাকা, ১৩ ফেব্রুয়ারি ৬ লাখ টাকা, ১৬ ফেব্রুয়ারি ৩ লাখ ৫০ হাজার টাকা, ২০ ফেব্রুয়ারি ২ লাখ টাকা, ২৭ ফেব্রুয়ারি ২ লাখ টাকা, ৫ মার্চ ১ লাখ টাকাসহ মোট ৫৯ লাখ ২৫ হাজার টাকা গ্রহণ করেন। এছাড়া একই বছরের ৪ ফেব্রুয়ারি ১৮ লাখ, ৮ ফেব্রুয়ারি ৬ লাখ, ২০ ফেব্রুয়ারি ১ লাখ ও ৭ মার্চ ৭ লাখ টাকা মেসার্স মেগা মোটরসের অফিসে এসে নগদ গ্রহণ করেন।

এতে আরও বলা হয়, ২০১৭ সালের ৫ মার্চ সাহেদ মেগা মোটরসকে বিআরটিএ চেয়ারম্যানের স্বাক্ষর করা একটি পরিপত্রের ফটোকপি দেন। সেখানে ২০০ সিএনজি থ্রি-হুইলারকে ঢাকা সিটিতে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ ছিল। পরে বিআরটিএতে যোগাযোগ করলে পরিপত্রের ফটোকপিটি ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর সাহেদ করিমের কাছে টাকা ফেরত চাইলে সে সময়ক্ষেপণ করতে থাকে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। পরদিন রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার তদন্তভার পরে ডিবি কাছে হস্তান্তর করা হয়। এই মামলায় প্রতারক সহেদকে আটক করে র‌্যাব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক