১৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৩ এএম

ডিপ্লোমা চিকিৎসকদের জন্য ভাতার প্রস্তাবনা যাচ্ছে সিন্ডিকেটে

ডিপ্লোমা চিকিৎসকদের জন্য ভাতার প্রস্তাবনা যাচ্ছে সিন্ডিকেটে

মো. মনির উদ্দিন: ডিপ্লোমা-এমফিল কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদেরকে ২০ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। ভাতার প্রস্তাবনা আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সিন্ডিকেট মিটিংয়ে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলেই তা চলে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আর মন্ত্রণালয় দ্রুততম সময়ে বাজেট বরাদ্দ দিলে কম সময়ের ব্যবধানে ভাতা পেতে শুরু করবেন চিকিৎসকরা। 

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মেডিভয়েসকে বলেন, ‘এ সংক্রান্ত একটি সুপারিশ এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেড় মাস আগে তা করে দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে বিএসএমএমইউ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান মেডিভয়েসকে বলেন, সিন্ডিকেট হয়ে মন্ত্রণালয়ে চিঠি যাবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া আমরা কিছু করতে পারবো না। আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সিন্ডিকেটে গেলেই আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় আমাদের সঙ্গে ইতিবাচক সাড়া দিয়েছে। মন্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি।’ 

নিজেদের সিদ্ধান্তের বিষয়ে উপ-উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আমরা সব সময় ইতিবাচক।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান মেডিভয়েসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে, যারা নন-রেসিডেন্সি অর্থাৎ ডিপ্লোমা-এমফিল-এমইডি কোর্সে অধ্যয়নরত আছেন, তাঁদের ভাতা সংক্রান্ত বিষয়টি সিন্ডিকেটের মিটিংয়ে অনুমোদন করিয়ে তাঁদের কাছে প্রস্তাব আকারে পাঠানোর জন্য। নন-রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতার প্রস্তাবনাটি সিন্ডিকেটের মিটিংয়ের এজেন্ডাভুক্ত হয়েছে। আগামী ২১ তারিখ সিন্ডিকেটের মিটিংয়ে এটি উঠবে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

সিন্ডিকেট মিটিংয়ে অনুমোদনের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারলে সিন্ডিকেটে সাধারণত অনুমোদন দিয়ে দেওয়া হয়। এখানে অনুমোদনের পর মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে চিঠি লিখবো। মন্ত্রণালয় আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা দিয়ে দেবো। ডিপ্লোমা চিকিৎসকদের ২০ হাজার করে টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।’

বিষয়টি কবে নাগাদ আলোর মুখ দেখতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় যদি দ্রুততম সময়ে বাজেট বরাদ্দ দেয়, তাহলে কম দিনের মধ্যে ডিপ্লোমা চিকিৎসকরা এ ভাতা পেতে শুরু করবেন।’

এ বিষয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ বক্তব্য জানতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানকে একাধিকবার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক