স্বজনরা চাইলে ইউএনও ওয়াহিদাকে বিদেশ নিতে পারেন: স্বাস্থ্য ডিজি
মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, ‘তিনি স্ট্যাবল আছেন। স্বজনরা চাইলে তাঁকে বিদেশ নিয়ে যেতে পারেন। তবে আমাদের দিক থেকে এই মুহূর্তে রোগী শিফট করা প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না।’
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বাস্থ্য ডিজি বলেন, ‘তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। জ্ঞান ফিরেছে। আমাদের একটা স্কোরিং সিস্টেম আছে, যেটাতে তার স্কোর ১৫ এর কাছাকাছি। আর ১৫ হচ্ছে একজন সাধারণ মানুষের নরমাল সিচুয়েশন। আশা করছি, জীবাণুর সংক্রমণ না হলে তিনি দ্রুত ভালো হয়ে উঠবেন।’
নিউরো ট্রমা বিভাগের প্রধান ও মেডিকেল বোর্ড প্রধান জাহিদ হোসেন বলেন, ‘ওয়াহিদা খানম আস্তে আস্তে কথাও বলছেন। আমরা আশা করছি উনি ভালো হয়ে উঠবেন।’
তিনি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণের জন্য ৭২ ঘণ্টা সময় লাগবে। ৭২ ঘণ্টা শেষ হলো আমাদের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। এছাড়া তাকে যে ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেটা জীবাণুমুক্ত ছিল কিনা তা তো আমরা জানি না। এই মুহূর্তে বিষয়টি বলা কঠিন, ৭২ ঘণ্টা শেষ হলে বোঝা যাবে সেখানে ইনফেকশন হবে কিনা। যেহেতু তার শরীরে এখনও কোনও ইনফেকশনের নেই। তার মানে এই না যে আগামীতে হবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি আরও বলেন, যেকোনো অবস্থার পরিবর্তন হতে পারে। আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারবো না যে পরবর্তীতে আর কোনও সমস্যা হবে না কিন্তু আমাদের কনসার্ন সার্জন ছিলেন এবং স্যাররা ছিলেন সবাই কথা বলেছেন। রোগীর অবস্থা স্ট্যাবল।
প্রসঙ্গত, বুধবার রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও'র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।
ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের অধ্যাপক ডা. জাহিদুর রহমানের নেতৃত্বে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।