৩১ মে, ২০২০ ১২:১৭ পিএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: করোনা মহামারীর মধ্যেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২.৮৭ শতাংশ। মোট জিপিএ ফাইভ ১ লাখ ৩৫ হাজার ৮৯৮।

রোববার (৩১ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এসএসসির সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯০.৩৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৫.২২ শতাংশ, যশোর বোর্ডে ৮৭.৩১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯.৭০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৭৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২.৭৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাস করেছে ৮২.৫১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাস করেছে ৭২.৭০ শতাংশ শিক্ষার্থী।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় স্কুল থেকে ফলাফল দেওয়া হবেনা। এবার শুধুমাত্র ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। যেসব পরীক্ষার্থী নির্ধারিত নিয়মে মোবাইলে এসএমএস পাঠিয়ে প্রাক্‌নিবন্ধন করেছে, তাদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক