১৯ নভেম্বর, ২০২৬ ০৭:৪৫ পিএম

নারীদের জন্য সাশ্রয়ী ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করার আহ্বান ডা. জুবাইদার

নারীদের জন্য সাশ্রয়ী ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করার আহ্বান ডা. জুবাইদার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নারীদের ক্যান্সার প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। প্রতিরোধযোগ্য ক্যান্সার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং রোগীদের দুর্ভোগ কমিয়ে আনাই হতে হবে সম্মিলিত লক্ষ্য। কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কংগ্রেস বুধবার শুরু হয়েছে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) সম্মেলনটি শেষ হবে। এতে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় এক হাজার ক্যান্সার বিশেষজ্ঞ, স্বাস্থ্যসেবা পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে ক্যান্সার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। মা-বোনদের প্রাণঘাতী ক্যান্সার থেকে রক্ষায় কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি বলেন, শহর ও গ্রামের লাখ লাখ নারী নীরবে নানা ধরনের শারীরিক যন্ত্রণা সহ্য করেন। পরিবারের অন্যান্য প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে অনেক সময় তাদের স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়টি উপেক্ষিত থেকে যায়। এ পরিস্থিতি পরিবর্তনে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক মানুষ মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসা পাবেন। ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে সবার স্বাস্থ্যকে সমান গুরুত্ব দিতে হবে। একজন নারীর বেঁচে থাকার অধিকার তিনি শহরে নাকি গ্রামে বসবাস করেন, তার ওপর নির্ভর করতে পারে না।

নারীদের ক্যান্সার প্রতিরোধে স্কুল-কলেজের ভেতরে ও বাইরে মেয়েদের জন্য টিকাদান কর্মসূচি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শহর ও গ্রামের সব পর্যায়ের নারীর জন্য ক্যান্সার স্ক্রিনিং বা প্রাথমিক শনাক্তকরণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

ডা. জুবাইদা বলেন, স্ক্রিনিংয়ে ক্যান্সারের সম্ভাব্য লক্ষণ পাওয়া গেলে দ্রুত যথাযথ রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারীরা যেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে চিকিৎসাসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সে জন্য সাশ্রয়ী চিকিৎসা, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা প্রয়োজন।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, চিকিৎসাসেবা কেবল বিশেষায়িত হাসপাতাল বা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। স্কুল, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালের মাধ্যমেও এ সেবা সম্প্রসারণ করতে হবে।

এ ক্ষেত্রে কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, তারা নারীদের সচেতন করা, স্ক্রিনিং কার্যক্রমে সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত করতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সবার জন্য ক্যান্সার চিকিৎসা সহজলভ্য করতে সরকার, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ক্যান্সারজয়ী ব্যক্তি, সুশীল সমাজ এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসাসংক্রান্ত উদ্যোগের সফলতা শুধু পরিকল্পনা বা প্রতিশ্রুতি দিয়ে বিচার করা যাবে না। কতজন মেয়েশিশুকে টিকার আওতায় আনা হয়েছে, কতজন নারীকে স্ক্রিনিং করা হয়েছে, কতজনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে, কতজন রোগী সময়মতো চিকিৎসা পেয়েছেন এবং কতটি পরিবার অসহনীয় চিকিৎসাব্যয়ের চাপ থেকে সুরক্ষা পেয়েছে—এসব বাস্তব ফলাফলের ভিত্তিতেই উদ্যোগের সাফল্য মূল্যায়ন করতে হবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক